আহত শিক্ষার্থীদের পাশে যবিপ্রবি উপাচার্য। ছবি. রাজিব কুমার মন্ডল, ফটোগ্রাফার, যবিপ্রবি।
Campus News
আহত শিক্ষার্থীদের পাশে যবিপ্রবি উপাচার্য
Nov 26, 2025
(যশোর: ২৬ নভেম্বর ২০২৫ খ্রি.): যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রদানের লক্ষ্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দুটিতে অবস্থানরত আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সকল ধরনের চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

আজ যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক জরুরি সভার আহ্বান করেন। সভায় স্থানীয় কিছু দুষ্কৃতকারী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সঠিক ও দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বিকালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে ছাত্রদের আবাসিক হল দুটি সরোজমিনে পরিদর্শন করেন।

আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করে যবিপ্রবি উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমরা বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর চেষ্টা করছি।” তিনি হল প্রভোস্টবৃন্দের অতি সত্ত্বর অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আহত শিক্ষার্থীদের পড়াশোনা যেন ক্ষতির সম্মূখীন না হয় সে বিষয়ে প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানদের বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি কমিটি গঠন করেন। তিনি কমিটির সদস্যবৃন্দের দ্রুত সময়ের মধ্যে যবিপ্রবির আশেপাশের মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন এবং একই সাথে স্থানীয় মেস মালিক ও বাজার প্রতিনিধিদের সাথে কমিটির সদস্যবৃন্দের বসে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য নির্দেশনা প্রদান করেন।

যবিপ্রবি উপাচার্যের সভাপতিত্বে উক্ত জরুরি সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রভোষ্ট ও প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা আহত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন। বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রক্টোরিয়াল বডি, যশোর কোতয়ালি থানায় সার্বিক বিষয়ে অভিযোগ করে মামলা করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
